দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী।
এরই ধারাবাহিকতায় গত শুক্রবার (১০ অক্টোবর) গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নৌবাহিনী।
অভিযান চলাকালে কুখ্যাত সন্ত্রাসী আব্দুল খালেকের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তার বাড়ির আঙিনায় মাটির নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অস্ত্রভাণ্ডার উদ্ধার করে নৌবাহিনী।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে—১টি ৭.৬২ মিমি বিদেশি পিস্তল, ১ রাউন্ড তাজা পিস্তল বল, ১টি দেশীয় শটগান, ৫ রাউন্ড শটগানের তাজা কার্তুজ, ৯টি দেশীয় অস্ত্র।
উদ্ধার করা এসব অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী জানায়, দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অস্ত্র, মাদক ও দুষ্কৃতিকারীদের দমনের লক্ষ্যে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চলবে।


