চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৫ই অক্টোবর। এই নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসের অভ্যন্তরে বহিরাগতদের অবাধ প্রবেশ নিয়ন্ত্রণ করতে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১১ অক্টোবর (শনিবার) বিকেল তিনটার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন চাকসু নির্বাচন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে বহিরাগতদের অবাধ প্রবেশ নিয়ন্ত্রণ করতে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীকে নিজ নিজ পরিচয় পত্র (আইডি কার্ড/ব্যাংক রশিদ) সার্বক্ষণিক সাথে রাখার জন্য অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো ব্যক্তিকে সন্দেহজনক মনে করলে তল্লাশি করতে পারে। এ ব্যাপারে সকলের সহযোগিতা চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চাকসু নির্বাচনকে ঘিরে জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সকলের আগ্রহ থাকায়, উক্ত নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য আন্তরিক সহযোগিতা চাওয়া হয়।


