বিএনপি নেতা ইশরাক হোসেন পারিবারিকভাবে বাগদান সম্পন্ন করেছেন। বিষয়টি শনিবার (১১ অক্টোবর) গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
গতকাল শুক্রবার (১০ অক্টোবর) তিনি ব্যারিস্টার নুসরাত খানকে আংটি পরান। ব্যারিস্টার নুসরাত খান হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদের সদস্য ও টাঙ্গাইলের সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ খানের বড় মেয়ে।
ইশরাকের মা ইসমত হোসেন বলেন, “হঠাৎ করেই পারিবারিকভাবে বিয়ের আংটি পড়ানো হয়েছে। সবার কাছে দোয়া চাই আমাদের সন্তানের জন্য।”
ব্যারিস্টার নুসরাত খানের বাবা নুর মোহাম্মদ খানের সঙ্গেও এ সময় উপস্থিত থেকে পারিবারিকভাবে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
ইশরাক হোসেন ১৯৮৭ সালের ৫ এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন। রাজধানীর স্কলাস্টিকা স্কুল থেকে ‘ও’ ও ‘এ’ লেভেল সম্পন্ন করে তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে যান। ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ার থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।
২০১১ সালে পড়াশোনা শেষে যুক্তরাজ্যের বিভিন্ন মোটরগাড়ি প্রতিষ্ঠানে কাজ করে অভিজ্ঞতা অর্জনের পর দেশে ফিরে আসেন ইশরাক। বর্তমানে তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তার পিতা সাদেক হোসেন খোকা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম শীর্ষ রাজনীতিক ও অবিভক্ত ঢাকার মেয়র। পিতার আদর্শ অনুসরণ করেই ইশরাক সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হয়েছেন।


