বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

 ৫ দফা দাবি মেনে নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান : আলহাজ্ব শাহজাহান চৌধুরী

আবছার উদ্দিন, লোহাগাড়া প্রতিনিধি :

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামী ৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে কর্ণফুলীর শিকলবাহা ক্রসিংয়ে বুধবার  এক মানববন্ধনের আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন,“গণভোটের দিন সংসদ নির্বাচনের দিন হওয়ার সুযোগ নেই। যারা সত্যিকার অর্থে জুলাই সনদের আইনি ভিত্তি চায় না, তারাই জুলাই সনদ নিয়ে টালবাহানা করছে। যারা ভোট চুরি করে ক্ষমতায় বসে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে চায়, তারাই গণভোট সংসদ নির্বাচনের দিন চায়। কারণ, তারা তাদের সন্ত্রাসী ও লাঠিয়াল বাহিনী দিয়ে ব্যালট ছিনতাই করে গণভোটকে প্রশ্নবিদ্ধ করার চক্রান্ত করছে।”

তিনি আরও বলেন,“তারা চায় না জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া হোক। কারণ, আইনি ভিত্তি দেওয়া হলে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট, দখল আর ফ্যাসিবাদ কায়েম করা সম্ভব হবে না। জনগণ এখন পিআর পদ্ধতির পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে। এই পদ্ধতি নিয়ে ভিন্নমত থাকতে পারে, কিন্তু এটিকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করার অধিকার কারও নেই।”

তিনি সরকার ও জাতীয় ঐকমত্য কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন,“জুলাই সনদ স্বাক্ষরের আগে পিআর পদ্ধতির বিষয়টি অন্তর্ভুক্ত করে নভেম্বরের মধ্যে গণভোট দিতে হবে। জাতীয় ঐক্যের স্বার্থে জামায়াত অনেক ছাড় দিয়েছে, কিন্তু জাতির স্বার্থে বড় দলগুলো কোনো ছাড় দেয়নি। সরকারকে জনগণের হয়ে কাজ করতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী। সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক।

সভাপতির বক্তব্যে আনোয়ারুল আলম চৌধুরী বলেন,

“জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্বপ্ন পূরণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি হবে। সরকার মূলত নিজেদের পায়ে কুঠারাঘাত করবে।”

তিনি আরও বলেন, “জনগণকে আবারও ফ্যাসিবাদী শাসনব্যবস্থার দিকে ঠেলে না দিয়ে ৫ দফা দাবি মেনে নিতে আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি জোর আহ্বান জানাচ্ছি।”

এ সময় আরও বক্তব্য রাখেন জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, এসিস্ট্যান্ট সেক্রেটারি ও চট্টগ্রাম–১৬ (বাঁশখালী) আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, এডভোকেট মুহাম্মদ নাছের, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন, চট্টগ্রাম–৮ আসনের এমপি প্রার্থী ডা. আবু নাছের, জেলা কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, আরিফুর রশীদ, ডা. খোরশেদ আলম, মাওলানা কুতুব উদ্দীন, মাস্টার আবদুল গণি, মাস্টার মনির আবছার চৌধুরী ও মাস্টার নাছির উদ্দীনসহ বিভিন্ন উপজেলা ও থানা নেতৃবৃন্দ।

মানববন্ধনটি কর্ণফুলীর ক্রসিং থেকে কলেজবাজার পর্যন্ত বিস্তৃত ছিল। এতে জামায়াতে ইসলামী নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষও অংশ নেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত