বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে বন্ধ হাসপাতাল ‘সেন্ট্রাল সিটি’-তে অগ্নিকাণ্ড, চার ইউনিটের তৎপরতায় নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড়ে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ‘সেন্ট্রাল সিটি হাসপাতাল’-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১৯ অক্টোবর) রাত ১২টা ২ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে নন্দনকানন ও চন্দনপুরা ফায়ার স্টেশনের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় রাত ১টা ০৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎ ভবনের ভেতর থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তালা কেটে ভবনের ভেতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। এসময় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, অনেকেই নিরাপদ স্থানে সরে যান।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, “আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। আমরা ধোঁয়া নিরসন ও শীতলীকরণ কাজ চালিয়ে যাচ্ছি। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।”

তিনি আরও জানান, আগুন চৌধুরী ভবনের ভেতরে অবস্থিত ‘সেন্ট্রাল সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার’-এর অংশে লেগেছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত