বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

নাইক্ষ্যংছড়িতে যৌথ অভিযানে পাহাড় কাটার ডাম্পার-এস্কেভেটর জব্দ

আনোয়ার হোছাইন, (নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধি : 

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অবৈধভাবে পাহাড় কাটার সময় উপজেলা প্রশাসনের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় পাহাড় কাটায় ব্যবহৃত একটি ডাম্পার ট্রাক ও একটি এস্কেভেটর জব্দ করা হয়।

রবিবার (১৯ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আশারতলী তাফহীমুল কোরআন দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অংশ নেন নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি), উপজেলা প্রশাসন ও নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।

ইউএনও মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী প্রতিবেদককে বলেন, গোপন সংবাদে জানতে পারি, রাতে ওই এলাকায় পাহাড় কেটে মাটি সরানো হচ্ছে। সঙ্গে সঙ্গে বিজিবি ও পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করি। ঘটনাস্থল থেকে অবৈধভাবে পাহাড় কাটায় ব্যবহৃত ডাম্পার ও এস্কেভেটর জব্দ করা হয়েছে। পরিবেশ আইন অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অবৈধ পাহাড় কাটায় জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল এস. কে. এম. কফিল উদ্দিন কায়েস বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি পরিবেশ ও জনস্বার্থ রক্ষায়ও কাজ করছে। প্রশাসনের সঙ্গে যৌথভাবে এমন অভিযান ভবিষ্যতেও চলবে।

উল্লেখ্য, পাহাড় কাটায় পরিবেশের মারাত্মক ক্ষতি হয় এবং ভূমিধসের ঝুঁকি বৃদ্ধি পায়। প্রশাসনের এমন তৎপরতায় স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত