রাউজানে গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান পাহাড়তলী শেখপাড়া শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে ১৮তম গাউসুল আজম জিলানী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের শেখপাড়া পরিজান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় শাখার ব্যবস্থাপনায় দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে খতমে কোরআন, খতমে গাউসিয়া শরীফ, মহিলা দাওয়াতে খায়ের, মিলাদ মাহফিল, জিকির মোস্তফা (দ.), সংবর্ধনা অনুষ্ঠান ও তবররক বিতরণসহ নানা ধর্মীয় কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি ফতেপুর সৈয়দ বাড়ি দরবার শরিফের সাজ্জাদানশীন, রাহনুমায়ে শরীয়ত ও পীরে তরিকত আল্লামা সৈয়দ মছিহুদ্দৌল্লাহ্ (মা.জি.আ.)।

এতে সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি পাহাড়তলী ইউনিয়ন শাখার সভাপতি ও সাংবাদিক নাছির উদ্দীন রকি।
সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম কর অঞ্চল-৩-এর সেরা তরুণ করদাতা পদক ও সিআইপি পদকে ভূষিত বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী ও সমাজহিতৈষী শেখ নবী।

এতে আলোচক হিসেবে বক্তব্য দেন আনজুমান রিচার্স সেন্টারের পরিচালক মাওলানা মুহাম্মদ আবুল হাশেম কাদেরী ও মাওলানা মুহাম্মদ জয়নুল আবেদীন আল কাদেরী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি আব্দুল মাবুদ খান ও মাওলানা সৈয়দ মুহাম্মদ গোলাম কিবরিয়া।

বিশেষ অতিথি ছিলেন হাজী মুহাম্মদ মমতাজ মিয়া, মো. নুর কোম্পানি, আসলাম উদ্দিন তালুকদারসহ গাউসিয়া কমিটির উপজেলা, ইউনিয়ন ও ইউনিট পর্যায়ের নেতৃবৃন্দ।
মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয় এবং উপস্থিত সকলের মাঝে তবররক বিতরণ করা হয়।

এর আগে সকালে অনুষ্ঠিত হয় দাওয়াতে খায়ের প্রশিক্ষণভিত্তিক কর্মশালা, যেখানে ৮ শতাধিক ধর্মপ্রাণ নারী অংশ নেন। কর্মশালায় ইসলামের গুরুত্বপূর্ণ মাসআলা-মাসায়েল, তাসাউফ ও ফাযায়েল বিষয়ে শিক্ষা প্রদান করা হয়।


