সরকারি চাকরির ২৫ বছর পূর্ণ হওয়ায় ৯ জন সচিবকে অবসরে পাঠিয়েছে সরকার। তাদের মধ্যে দুজন সিনিয়র সচিব ও সাতজন সচিব রয়েছেন। সোমবার (২০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
অবসরে যাওয়া কর্মকর্তারা হলেন—
সিনিয়র সচিব: মো. মনজুর হোসেন ও মো. মশিউর রহমান।
সচিব: মো. সামসুল আরেফিন, মো. মিজানুর রহমান, মো. আজিজুর রহমান, মো. নূরুল আলম, ড. ফরিদ উদ্দিন আহমদ, ড. এ. কে. এ. মতিউর রহমান ও শফিউল আজিম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, “তাদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে তাদেরকে চাকরি থেকে অবসর প্রদান করা প্রয়োজন বলে বিবেচনা করেছে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।”
এছাড়া আদেশে উল্লেখ করা হয়, তারা অবসরজনিত সব সুবিধা পাবেন, এবং এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, অবসরে যাওয়া এসব কর্মকর্তার সবাই সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে দায়িত্বে ছিলেন। বিভিন্ন সময়ে তারা ওএসডি হন এবং প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।


