বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ মাদকবিরোধী অভিযানে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর মংজয়পাড়া বিওপি এলাকার জিয়ানি খাল নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩৪ বিজিবির মংজয়পাড়া বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার–৪২ থেকে প্রায় দেড় কিলোমিটার ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন একটি ব্যাগ থেকে ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভিযানটি নিশ্চিত করে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন,“বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে কাজ করছে। পালাতক মাদক চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।”
তিনি আরও বলেন,“সীমান্ত এলাকায় মাদক পাচার বন্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত সুরক্ষা ও সমাজ থেকে মাদক নির্মূলে আমরা সর্বদা বদ্ধপরিকর।”
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ ৩৪ বিজিবি ব্যাটালিয়ন দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদক পাচার ও চোরাচালান দমনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। এসব সফল অভিযানে সীমান্ত এলাকার জনগণের মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে।


