চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) আসরের নামাজের পর লোহাগাড়ার বটতলী মোটর স্টেশনে এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
তিনি বলেন,“ভয়ানক মৃত্যু ফাঁদ থেকে জনসাধারণকে রক্ষার দায়িত্ব বর্তমান সরকারের। এ অঞ্চলের মানুষের প্রাণের দাবী— চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীত করা। এই সড়কে প্রতিনিয়ত যে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানি ঘটছে, তা বন্ধ করতে হলে দ্রুত ছয় লেন বাস্তবায়ন ছাড়া বিকল্প নেই।”
তিনি আরও বলেন,“বন্যপ্রাণী অভয়ারণ্যের অজুহাতে ৬ লেন প্রকল্পের বিরুদ্ধে যে আইনি নোটিশ দেওয়া হয়েছে, তা অবিলম্বে বাতিল করতে হবে। ঐতিহ্যবাহী শাহ সুঁজা সড়ক তথা আরাকান মহাসড়ককে আধুনিক ছয় লেনে রূপান্তর করতে হবে, করতেই হবে।
এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, নায়েবে আমির অধ্যাপক মোহাম্মদ আবু তাহের, উপজেলা সেক্রেটারি মাওলানা আনম নোমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাস্টার আব্দুস সালাম, উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দ, ইউনিয়ন আমিরবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ, লোহাগাড়ার সর্বস্তরের সাধারণ মানুষ এবং অন্যান্য সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।


