চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার বিশেষ অভিযানে হাজারী লেইন মসজিদ গলিস্থ একটি সার্জিকেল গোডাউন থেকে চুরি হওয়া বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়েছে। এসময় ঘটনায় জড়িত দুইজন চোরকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলার সূত্রে জানা যায়, কোতোয়ালী থানাধীন ৬নং হাজারী লেইন, মসজিদ গলিতে মামলার বাদী মোঃ ইসমাইল (২৫) এর ভাড়াকৃত সার্জিকেল মালামালের গোডাউনে গত ২৭ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ১০টা থেকে ২৮ সেপ্টেম্বর দুপুর ২টার মধ্যে অজ্ঞাতনামা চোরেরা বিভিন্ন সার্জিকেল পণ্য চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল করিম এর সার্বিক নির্দেশনায় এসআই মোঃ আজহারুল ইসলাম, এসআই শরীফ উদ্দিনসহ অন্যান্য অফিসারগণ তথ্য-প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
অভিযানের ধারাবাহিকতায় গত ২৭ অক্টোবর রাতে ঘটনায় জড়িত দুই আসামী মোঃ মেহরাজ আলম তাহিন (১৯) ও সীমান্ত দাশ (২১)-কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের দেখানো ও সনাক্ত মতে চুরি হওয়া নিম্নোক্ত মালামাল উদ্ধার করা হয়—স্যাভলন টুইংকেল বেবী ডাইপার ১৮ কেস, ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন ২০ কার্টুন, নিউ কেয়ার বেবী ওয়াইপস ৭ প্যাকেট, বিভাচেক ব্রি ব্লাড গ্লুকোজ টেস্ট স্ট্রিপস ১০ বক্স ও টসিবা থার্মোমিটার ৩ বক্স।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।


