বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে নিম্নবিত্তের কষ্ট লাঘবে নতুন উদ্যোগ

টিসিবির পণ্য তালিকায় যুক্ত হচ্ছে নতুন পাঁচ পণ্য

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামে নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) নতুন পাঁচটি পণ্য যুক্ত করছে। এসব পণ্যের মধ্যে রয়েছে—চা পাতা, লবণ, ডিটারজেন্ট পাউডার, লাক্স সাবান ও কাপড় ধোয়ার সাবান।

রবিবার (২ নভেম্বর) টিসিবির চট্টগ্রাম কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন এই পণ্যগুলো এখনও সরবরাহ করা হয়নি। চলতি সপ্তাহের শেষ দিকে বা আগামী সপ্তাহের শুরুর দিকে বিতরণ শুরু হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বর্তমানে টিসিবির প্যাকেজে নগরীর কার্ডধারীরা চাল, মসুর ডাল, সয়াবিন তেল ও চিনি পাচ্ছেন। তবে উপজেলা পর্যায়ে ৫০ হাজার স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবার পাইলট কর্মসূচির আওতায় আগের প্যাকেজের সঙ্গে নতুন পাঁচটি পণ্য (চা পাতা, লবণ, লাক্স সাবান, কাপড় ধোয়ার সাবান ও ডিটারজেন্ট পাউডার) পাবে।

চট্টগ্রাম মহানগরে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডের বরাদ্দ রয়েছে ৩ লাখ ৯৬৩টি, যার মধ্যে এখন পর্যন্ত ৬০ হাজার পরিবার কার্ড পেয়েছে। ১৫ উপজেলার জন্য বরাদ্দ ২ লাখ ৩৫ হাজার কার্ডের মধ্যে ১ লাখ ৬০ হাজার কার্ড ইতোমধ্যে বিতরণ করা হয়েছে।

কার্ডধারীরা ডিলারের কাছে তাদের কার্ড প্রদর্শন করে নিম্নোক্ত মূল্যে পণ্য কিনতে পারবেন—চাল: প্রতি কেজি ৩০ টাকা (৫ কেজি), সয়াবিন তেল: প্রতি লিটার ১০০ টাকা (২ লিটার), মসুর ডাল: প্রতি কেজি ৬০ টাকা (২ কেজি) ও চিনি: প্রতি কেজি ৭০ টাকা (১ কেজি)। এই চারটি পণ্যের প্যাকেজের মূল্য ৫৪০ টাকা।

উপজেলা পর্যায়ে যারা নতুন পণ্য পাবেন, তাদের ক্ষেত্রে আগের প্যাকেজ মূল্যের সঙ্গে পাঁচটি নতুন পণ্যের দাম যুক্ত হবে।

টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক অফিস প্রধান মো. শফিকুল ইসলাম বলেন,“টিসিবির পণ্যে ৫টি নতুন পণ্য যুক্ত হচ্ছে। তবে এখনো সরবরাহ পাইনি। আশা করছি ৭ নভেম্বরের মধ্যে সরবরাহ পাব। সরবরাহ পেলে নতুন পণ্য বিতরণ শুরু হবে।”

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত