বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু ‘ওয়েডিং অ্যান্ড লাইফস্টাইল এক্সপো ২০২৫’

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে শুরু হয়েছে এম অ্যান্ড এম বিজনেস কমিউনিকেশনের আয়োজন করা তিন দিনব্যাপী ‘ওয়েডিং অ্যান্ড লাইফস্টাইল এক্সপো ২০২৫’। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “নারীর ক্ষমতায়নই টেকসই নগর অর্থনীতির চাবিকাঠি। চট্টগ্রামকে যদি বাঁচাতে হয়, আমাদের ব্যবসায়িক সম্প্রদায়কে উৎসাহিত ও সহযোগিতা দিতে হবে। নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ ছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি টেকসই হয় না। আমি বিশ্বাস করি, নারী যদি আত্মনির্ভর হয়ে উঠেন, তবে চট্টগ্রাম একটি সত্যিকারের আধুনিক কমার্শিয়াল সিটি হিসেবে গড়ে উঠবে।”

তিনি আরও বলেন, “আমি সবসময় চেষ্টা করি এমন আয়োজনগুলোতে উপস্থিত থেকে চট্টগ্রামের উদ্যোক্তাদের পাশে থাকার বার্তা দিতে। বিদেশি প্রতিনিধিদের সাথেও আমি চট্টগ্রামের বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে কথা বলি। আমাদের শহরে নারীদের জন্য এখনো একটি পূর্ণাঙ্গ শপিং মল বা কমার্শিয়াল মার্কেট গড়ে ওঠেনি। আমি চাই, এমন একটি সম্পূর্ণ মার্কেট গড়ে উঠুক যেখানে নারীরা এক জায়গায় সবকিছু পাবেন—এটাই প্রকৃত নগর উন্নয়ন।”

ডা. শাহাদাত হোসেন আরও বলেন, “অর্থনীতিকে শক্তিশালী করতে হলে অর্থের সঠিক সঞ্চালন প্রয়োজন। এক্সিবিশন ও প্রদর্শনীর মাধ্যমে স্থানীয় পণ্য ও সেবাকে জনপ্রিয় করা সম্ভব, এতে ব্যবসা-বাণিজ্য প্রসারিত হবে।”

এসময় আয়োজক এম অ্যান্ড এম বিজনেস কমিউনিকেশনের সিইও মানজুমা মোর্শেদ বলেন, “চট্টগ্রামের বিয়ে মানে রাজকীয় আয়োজন। শুধু বর-কনে নয়, অতিথিরাও নতুন পোশাক ও সাজে ঐতিহ্যকে প্রাণবন্ত করে তোলেন। নারীদের স্বাবলম্বী করার জন্য নানামুখী কার্যক্রম পরিচালনা হচ্ছে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তা করা হচ্ছে। নারীরা অনলাইন প্ল্যাটফর্মেও ব্যবসা করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। চট্টগ্রামের জনগণ ওয়েডিং অ্যান্ড লাইফস্টাইল এক্সপোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং আশা করা যায়, তাদের প্রত্যাশা পূরণ হবে।”

এ মেলায় অংশ নিচ্ছেন ঢাকা ও চট্টগ্রামের আন্তর্জাতিক পর্যায়ে স্বনামধন্য ৮০-এর বেশি উদ্যোক্তা, ফ্যাশন ডিজাইনার, ব্র্যান্ড প্রতিষ্ঠান এবং জুয়েলারি এক্সপার্ট। এছাড়া উপস্থিত ছিলেন পাঁচলাইশ আবাসিক এলাকা কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক আবু সাঈদ সেলিম, মেজবাহ উদ্দিন, শেখ উজার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এবারের এক্সপোতে মন্নো গোল্ড পার্টনার, বিওয়াইডি সিলভার পার্টনার, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড মিডিয়া পার্টনার এবং ইন্টেলজা স্টুডিও স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে যুক্ত হয়ে আয়োজনকে আরও সমৃদ্ধ ও বর্ণাঢ্য করেছে। এক্সপোটি চলবে আগামী ৮ নভেম্বর পর্যন্ত এবং প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত