বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য কামনায় রাঙামাটি রাজবন বিহারে বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়েছেন রাঙামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সিনিয়র যুগ্ম জেলা জজ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ–ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
শনিবার সকালে রাজবন বিহারে আয়োজিত এ ধর্মীয় আয়োজনে তিনি সংঘদান ও অষ্টপরিস্কার দানে অংশ নেন। রাজবন বিহারের আবাসিক অধ্যক্ষ প্রজ্ঞালংকার মহাথেরুর নেতৃত্বে বৌদ্ধ ভিক্ষুগণ ঐতিহ্যবাহী আচার–অনুষ্ঠানের মাধ্যমে পূর্ণতা দেন।
সম্প্রতি ২৯৯ নং রাঙামাটি আসনে বিএনপির মনোনয়ন পাওয়ায় দলীয় উচ্চপর্যায়ের নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে অ্যাডভোকেট দীপেন দেওয়ান জানান—এই বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়া তাঁর সেই কৃতজ্ঞতারই অংশ।
অনুষ্ঠানে তাঁর পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দেবোজ্যোতি চাকমা, জেলা জিয়া পরিষদের সভাপতি মানস মুকুর চাকমা, জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সুভাষ চন্দ্র চাকমা, রাঙামাটি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, জেলা বিএনপির সহ–ছাত্রবিষয়ক সম্পাদক ও নানিয়ারচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রনো বিকাশ চাকমা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাহুল চাকমাসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে অংশগ্রহণকারীরা আসন্ন জাতীয় নির্বাচনে সৌহার্দ্যপূর্ণ পরিস্থিতি বজায় রাখা এবং রাঙামাটির সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।


