চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নয়দুয়ারি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় দুই মাদ্রাসাছাত্র ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুই শিক্ষার্থী। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছরারকুল এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মসজিদিয়া ইউনুছিয়া ইসলামিয়া নয়দুয়ারি মাদরাসার কিতাব বিভাগের শিক্ষার্থী ফখরুল ইসলাম (১৮) ও মোহাম্মদ কাউসার (১৪)। আহত দুই শিক্ষার্থী মুসলিম উদ্দিন (১৭) ও আরমান (১৫)। প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর অবস্থার অবনতি হলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চারজনই একই মাদ্রাসার ছাত্র।
মাদ্রাসার পরিচালক মাওলানা জাফর উল্লাহ নিজামী জানান, মাগরিবের নামাজ শেষে ৫–৬ জন ছাত্র সড়কের পাশ দিয়ে হেঁটে পার্শ্ববর্তী এক ওয়াজ মাহফিলে যাচ্ছিলেন। হঠাৎ দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থী নিহত হন, আহত হন আরও দুইজন।

রেডিয়েন্স হাসপাতালের চিকিৎসক ডা. সৌরভ দাস বলেন, দুর্ঘটনায় দুজনকে মৃত অবস্থায় আনা হয়। আহত দুই শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চমেকে পাঠানো হয়েছে।
কুমিরা হাইওয়ে থানার ওসি মো. জাকির রব্বানী জানান, মোটরসাইকেলটি সীতাকুণ্ড থেকে ফেনীর দিকে যাচ্ছিল। দুর্ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে এবং মোটরসাইকেল আরোহীকে আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


