অপকর্ম ও অপরাধ কার্যক্রম বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে পুলিশ প্রশাসনকে অনুরোধ জানান চট্টগ্রাম-১ মিরসরাই আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমান।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকাল ৫টার দিকে মিরসরাই থানা পুলিশের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
সাইফুর রহমান বলেন, “পুলিশ অনেক কাজ করছে—এটি সত্য। তবে যে পরিমাণ চুরি-ডাকাতি হচ্ছে, তা দ্রুত বন্ধ করা প্রয়োজন। প্রশাসন আন্তরিক হলে এবং সম্মিলিতভাবে বিশেষ পরিকল্পনা গ্রহণ করলে অপরাধীরা আর টিকতে পারবে না।”
তিনি অপরাধ দমনে সকল রাজনৈতিক দলকে এগিয়ে আসার আহ্বান জানান এবং পুলিশের প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান, জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলা আমির নুরুল কবির, পৌরসভা আমির শিহাব উদ্দিন, ছাত্রশিবির উত্তর জেলা সেক্রেটারি মাঈন উদ্দিন রায়হান, উপজেলা সভাপতি সাকিব হোসাইন-সহ সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ।


