বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ৩০০ নং সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে নির্বাচনী দায়িত্বশীলদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় নাইক্ষ্যংছড়ি রেস্ট হাউস মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা জামায়াতের পৃষ্ঠপোষক চট্টগ্রাম টিমের সদস্য দায়িত্বশীল মোস্তাফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন বান্দরবান জেলা আমীর এস এম আব্দুচ ছালাম আজাদ।
এ সময় জামায়াতে ইসলামীর সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মওলানা রফিক বসরী, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর আবু নাসের, উপজেলা নায়েবে আমীর ইলিয়াছ সওদাগর, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের আমীর মাস্টার আব্দুর গফুর ও উপজেলা মিডিয়া বিভাগের পরিচালক মাহমুদুল হক বাহাদুরসহ উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান বলেন, “দাঁড়িপাল্লা আমাদের ন্যায়-ইনসাফ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। শান্তিপূর্ণভাবে নির্বাচনমুখী প্রচারণা চালিয়ে আমাদের অবস্থান আরও শক্তিশালী করতে হবে।”
জেলা আমীর এস এম আব্দুচ ছালাম আজাদ বলেন, “৩০০ নং আসনে জনগণ পরিবর্তন চায়। আমরা শান্তি, উন্নয়ন ও সুশাসনের রাজনীতি করি। তাই সকল নেতাকর্মীকে দায়িত্বশীলভাবে মাঠে থাকতে হবে।”
মওলানা রফিক বসরী বলেন, “উপজেলায় উন্নয়ন ও সাধারণ মানুষের পাশে থাকার মানসিকতা থেকেই আমরা নির্বাচন করছি। জনগণ দাঁড়িপাল্লায় আস্থা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”
মাগরিবের নামাজের পর জেলা আমীর আব্দুস ছালাম আজাদের নেতৃত্বে উপজেলা সদর ও নাইক্ষ্যংছড়ি বাজার এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন নেতা-কর্মীরা। এ সময় সাধারণ জনতার মধ্যেও বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।


