আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান-৩০০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জননেতা সাচিং প্রু জেরিকে বিজয়ী করতে নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের ৪ ও ৮ নং ওয়ার্ডে পথসভা, প্রচারণা ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় করলিয়ামুরা আমতলী বাজার চত্বরে এবং রাত ৮টায় নারিচবুনিয়ায় পৃথক এসব সভার আয়োজন করে ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুদ্দিন বাহাদুর। তিনি বলেন, “আসন্ন নির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার রক্ষায় সাচিং প্রু জেরির কোনো বিকল্প নেই। জনগণ পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে।”
বাইশারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সভাপতি মো. মনিরুল হক মনু বলেন,
“বিএনপির ভোট ব্যাংক বাইশারী ইউনিয়নে সবসময়ই শক্তিশালী। এ শক্তিকে কাজে লাগিয়ে আমাদের প্রার্থীকে জয়ী করতে হবে। আন্দোলনের ধারাবাহিকতাই হবে নির্বাচনী প্রচারণার বড় হাতিয়ার।”
নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মামুনুর রশীদ বলেন, “তারুণ্যের প্রতীক সাচিং প্রু জেরিকে বিজয়ী করতে ছাত্রদল ঘরে ঘরে প্রচারণা চালাচ্ছে। অন্যায়–দুর্নীতি–দুঃশাসনের বিরুদ্ধে যুবসমাজ এখন সোচ্চার।”
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন বলেন, “যুব ভোটারদের আস্থা বিএনপির প্রতি বাড়ছে। আমরা সাংগঠনিকভাবে মাঠে আছি।”
এ ছাড়াও উপস্থিত ছিলেন বাইশারী ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন, ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক সাব্বির আহমেদ (কোম্পানি), শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাংবাদিক আব্দুর রশিদ, স্বেচ্ছাসেবক দলের নেতা রাসেল তালুকদার, যুবনেতা জাফর উদ্দিন, জাহেদুল আলম রুবেল, ছাত্রনেতা মোস্তফা কামাল, আব্দুল মালেক, শাহরিয়ার শিহাব, জাহাঙ্গীর আলম, আলী জিন্নাহসহ ওয়ার্ড বিএনপির নেতা সাইফুল ইসলাম, ছুরুত আলম এবং অন্যান্য নেতাকর্মীরা।
সভা ও প্রচারণায় দু’ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।


