বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

খালেদা জিয়া আইসিইউতে

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রবিবার (২৩ নভেম্বর) রাতে গুলশানের বাসভবন ফিরোজা থেকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়ার পর মেডিকেল বোর্ডের পরামর্শে খালেদা জিয়াকে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর থেকেই তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা দেওয়া হচ্ছে।

ডা. জাহিদ হোসেন বলেন, হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই মেডিকেল বোর্ডের সদস্যরা সার্বক্ষণিক তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। এ সময় তিনি দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপারসনের সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

হাসপাতালে ভর্তির পর তার শারীরিক অবস্থার বিষয়ে জানান মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফ এম সিদ্দিকী। তিনি বলেন, খালেদা জিয়ার চেস্টে ইনফেকশন ধরা পড়েছে। এ কারণে তার হার্ট এবং ফুসফুস দুটিই প্রভাবিত হয়েছে। পরিস্থিতি জটিল হয়ে ওঠায় দ্রুত তাকে হাসপাতালে আনা হয়।

অধ্যাপক সিদ্দিকী আরও বলেন, প্রয়োজনীয় জরুরি পরীক্ষা-নিরীক্ষা দ্রুত সম্পন্ন করে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি সর্বোচ্চ চিকিৎসা সেবা ও নিবিড় পর্যবেক্ষণের আওতায় রয়েছেন।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসের জটিলতা, চোখের সমস্যা ও অন্যান্য শারীরিক অসুস্থতায় ভুগছেন। চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফেরেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত