বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সোমবার রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
এর আগে রাতেই কার্যালয়ে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম—জাতীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন তারেক রহমান।
তার দেশে ফেরার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, “তিনি শিগগির চলে আসবেন, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, এটি ছিল দলের নিয়মিত স্থায়ী কমিটির বৈঠক। বিভিন্ন রাজনৈতিক ইস্যু, নির্বাচনকে কেন্দ্র করে নানা আলোচনা, প্রচার পরিকল্পনা এবং কৌশল নির্ধারণের বিষয়েই আলোচনায় গুরুত্ব দেওয়া হয়েছে। “অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি,” যোগ করেন তিনি।


