মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও ১৬ জন বীর মুক্তিযোদ্ধাদের গণসংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলা শাখা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং মিরসরাই আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান।
মিরসরাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবিরের সভাপতিত্বে এবং সেক্রেটারি আনোয়ারুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মিরসরাই পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ শিহাব উদ্দিন, উপজেলা বায়তুল মাল সম্পাদক মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন, ওয়াহেদপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সিরাজুল ইসলাম, মিরসরাই থানা শাখার সভাপতি শরিফুল ইসলাম, খৈয়াছরা ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ একরামুল হক, ইসলামী ছাত্রশিবির মিরসরাই উপজেলা শাখার সভাপতি সাকিব হোসেন, শহর শাখার সভাপতি শরীফুল ইসলাম এবং বীর মুক্তিযোদ্ধা শামসুল হুদাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা, বীর মুক্তিযোদ্ধাদের অবদান এবং স্বাধীনতার তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষপর্বে মিরসরাই উপজেলার ১৬ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে দেন অতিথিরা।


