তীব্র শীতে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে জঙ্গল পদুয়া ইসলামিক সেন্টার। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার জঙ্গল পদুয়া এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) দুপুরে জঙ্গল পদুয়া ইসলামিক সেন্টারের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাষ্টার হারুনুর রশিদ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পদুয়া ইউনিয়ন শাখার আমীর আ.ক.ম. হামিদুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনির আহমদ, জামায়াতে ইসলামী পদুয়া ইউনিয়ন শাখার নায়েবে আমীর মাওলানা মাহমুদুল হক এবং জঙ্গল পদুয়া তালিমুল কুরআনের সভাপতি মাষ্টার আবুল হোসেন।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাষ্টার হামিদ হোসাইন, আকতার হোসেন, মোরশেদ আলম, সেলিম, গ্রীল আকতার, ফয়েজ আহমেদ, মাসুম, জয়নাল সওদাগর, মাওলানা জানে আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে স্থানীয় ৭৫টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে খুশি শীতার্তরা বলেন, চলমান তীব্র শীতে রাতে ঘুমানো কষ্টকর হয়ে উঠেছিল। কম্বল পেয়ে অনেক স্বস্তি মিলেছে। এমন সহযোগিতা তাদের জন্য বড় প্রাপ্তি।
এসময় ইসলামিক সেন্টারের সভাপতি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি এলাকার গরিব ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


