ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির এক বৈঠক আজ ৯ জানুয়ারি (শুক্রবার) সন্ধ্যায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা এটিএম মা’ছুম। কমিটির সদস্যসচিব মাওলানা আবদুল হালিম বৈঠকটি পরিচালনা করেন। এতে কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কমিটির সদস্য মাওলানা আ ফ ম আবদুস সাত্তারের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে বৈঠকের কার্যক্রম শুরু হয়। এরপর উদ্বোধনী বক্তব্য প্রদান করেন কমিটির সম্মানিত সভাপতি মাওলানা এটিএম মা’ছুম।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পরিচালনার কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে একাধিক সাব-কমিটি গঠন করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়। পাশাপাশি কমিটির কার্যক্রম জোরদার করতে নতুন করে আরও কয়েকজন সদস্য অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বর্তমানে সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বিদ্যমান নেই। এ ধরনের পরিস্থিতিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব নয়।
বক্তারা আরও বলেন, দেশবাসী এখনো ওসমান হাদির বিচার পায়নি। দেশে সন্ত্রাস নির্মূলে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই এবং অব্যাহতভাবে মানুষ হত্যার ঘটনা ঘটছে। অথচ অবৈধ অস্ত্র উদ্ধারে তেমন কোনো উল্লেখযোগ্য সাফল্য পরিলক্ষিত হচ্ছে না।
সভায় আরও উল্লেখ করা হয়, সাম্প্রতিক কিছু ঘটনায় প্রশাসনের একটি পক্ষপাতদুষ্ট ভূমিকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। এই প্রবণতা অবিলম্বে বন্ধ করতে হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন বক্তারা।


