শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
Single Top Banner

জনগণের জোয়ার, ধানের শীষের জোয়ার শুরু হয়ে গেছে : আমির খসরু

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বাবা–মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার গণসংযোগ কর্মসূচি শুরু করেছেন। সকাল সাড়ে ১০টায় তিনি উত্তর কাট্টলির নাজির বাড়িতে অবস্থিত তাঁর পিতা সাবেক মন্ত্রী মরহুম মাহমুদুন্নবী চৌধুরী ও মাতা মরহুমা মেহেরুন্নেসা চৌধুরীর কবর জিয়ারত করেন এবং দোয়া-মোনাজাতে অংশ নেন।

কবর জিয়ারত শেষে তিনি চট্টগ্রাম মহানগরের ২৯ নম্বর ওয়ার্ডের কদমতলী এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। এ সময় বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী, সাধারণ মানুষ ও নারীরা গণসংযোগে অংশ নেন।

গণসংযোগকালে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “জনগণের ঢল নেমেছে রাস্তায়। ধানের শীষের জোয়ার শুরু হয়েছে। মানুষ এতদিন এ দিনের জন্য অপেক্ষা করেছে।” তিনি বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় দল হিসেবে বিএনপি সব সময় জনগণের পাশে ছিল। এখন জনগণ সেই ত্যাগের প্রতিদান দিচ্ছে এবং বিএনপির পাশে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, গত ১৬–১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা গুম, খুন, কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান–এর ত্যাগের স্বীকৃতি আজ দেশের মানুষ দিচ্ছে। তিনি বলেন, “যেখানেই যাচ্ছি, মানুষের আস্থা ও ভালোবাসা বিএনপির প্রতি স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছে।”

আগামীর বাংলাদেশ নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “আগামীর বাংলাদেশের স্বপ্ন একমাত্র বিএনপিই পূরণ করতে পারবে। জনগণই ঠিক করবে দেশ কোন পথে যাবে। ভোটের মাধ্যমেই জনগণের মালিকানা প্রতিষ্ঠিত হবে।” তিনি আরও বলেন, জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক সরকার গঠনের একমাত্র পথ হলো অবাধ ও সুষ্ঠু নির্বাচন।

গণতন্ত্রের সংগ্রামের কথা উল্লেখ করে তিনি বলেন, “আজ দেশের মানুষ আনন্দিত, কারণ তারা তাদের ভোটাধিকার ও প্রতিনিধি নির্বাচনের অধিকার ফিরে পাচ্ছে। জনগণের সঙ্গে বিএনপির আস্থার রাজনীতি গণতন্ত্রের সঙ্গে একাকার হয়ে গেছে—এগুলোকে আলাদা করা যাবে না।”

গণসংযোগকালে তিনি কদমতলী মোড়, মাদারবাড়ি ডিটি রোড, ২ নম্বর গলি, জুগিচাদ মসজিদ লেইন, মাঝিরঘাট স্টেশন কলোনি, আইস ফ্যাক্টরি রোড, নালাপাড়া, পুরাতন কাস্টম, মালুম মসজিদ এলাকা সহ বিভিন্ন স্থানে পথসভা ও জনসংযোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম ও শওকত আজম খাজা, মহানগর বিএনপি সদস্য মো. সালাউদ্দিন, মশিউল আলম স্বপন, জয়নাল আবেদীনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত