ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম–১১ (বন্দর–পতেঙ্গা) আসনে ধানের শীষের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী–এর পক্ষে নির্বাচনী প্রচার শুরু করেছেন তাঁর পুত্র ও বিএনপির আন্তর্জাতিকবিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিনের শুরুতে দোয়া-মোনাজাতের মাধ্যমে তিনি বাবার পক্ষে প্রচারণা শুরু করেন। পরে উত্তর পতেঙ্গার স্টিলমিল বাজার এলাকা থেকে গণসংযোগ কর্মসূচি শুরু হয়।
প্রচারণাকালে ইসরাফিল খসরু বলেন, “ধানের শীষ উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতীক। ধানের শীষ হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান–এর মার্কা।” তিনি বলেন, বিএনপি সব সময় মানুষের জন্য রাজনীতি করে এবং মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে নাগরিক সেবা, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ব্যবস্থা উন্নয়ন এবং নিরাপদ জীবনের নিশ্চয়তা নিশ্চিত করা হবে।
ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ধানের শীষে ভোট মানেই একটি গণতান্ত্রিক, উন্নয়নমুখী ও মানুষের জন্য কাজ করা বাংলাদেশ।”
তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “ধানের শীষে ভোট দিয়ে এই আসনটি জনাব তারেক রহমানকে উপহার দিন। ইনশাআল্লাহ, আপনাদের জন্য একটি আধুনিক, মাদকমুক্ত ও স্মার্ট পতেঙ্গা উপহার দেওয়া হবে।”
এ সময় ফ্যামিলি কার্ড কর্মসূচির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি পরিবারকে মাসিক দুই হাজার থেকে আড়াই হাজার টাকা অথবা ২৫ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি মসুর ডাল, ২ লিটার ভোজ্যতেল ও ১ কেজি লবণ প্রদান করা হবে।
গণসংযোগকালে তিনি স্টিলমিল এলাকা, কর্ণফুলী ইপিজেড, হোসেন আহমেদ পাড়া সহ ৪০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিয়া ভোলা, মহানগর বিএনপি সদস্য মুজিবুল হক, বিএনপি নেতা মো. শাহাবুদ্দিন, আবু জাফর, ইকবাল হোসেন, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ হারুন, মোহাম্মদ লোকমান, মনজুর কাদের, জসীমউদ্দীন, রেজাউল করিম, মোহাম্মদ খুরশীদ, নয়নসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


