বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, জুলাই বিপ্লবের মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন ও অশালীন ভাষা ব্যবহার করে ভোট নেওয়ার রাজনীতির কবর রচিত হয়েছে। সন্ত্রাসী কায়দায় ক্ষমতায় যাওয়ার দুঃস্বপ্ন যারা দেখছেন, তারা এখনো বোকার স্বর্গে বাস করছেন। পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার দিন শেষ—এখন দাঁড়িপাল্লার বাংলাদেশ।
রোববার বিকেল ৩টায় কক্সবাজার জেলার উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ঢালারমুখ স্টেশনে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আনোয়ারীর নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুহাম্মদ শাহজাহান বলেন, নতুন প্রজন্ম মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছে। বিশ্বের দরবারে বাংলাদেশকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করাই আমাদের অঙ্গীকার। কোনো হুমকি, ধমকি কিংবা অশালীন ভাষা ব্যবহার করে ভোটারদের বিভ্রান্ত করা আর সম্ভব নয়।
পথসভায় প্রধান বক্তার বক্তব্যে কক্সবাজার–০৪ (উখিয়া–টেকনাফ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেন, আমি এমপি নির্বাচিত হলে সিন্ডিকেটমুক্ত উখিয়া–টেকনাফ গড়ে তুলবো। একটি বাসযোগ্য উখিয়া–টেকনাফ নির্মাণ করা হবে। পাশাপাশি জালিয়াপালং ইউনিয়নকে পর্যটন নগরী হিসেবে রূপান্তর করা হবে ইনশাআল্লাহ।
তিনি অভিযোগ করে বলেন, আমরা দেখছি আমার প্রতিপক্ষরা কামাল মেম্বারের খুনিদের নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। একই সঙ্গে দাঁড়িপাল্লার নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ওপর নানাভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে অধ্যক্ষ আনোয়ারী বলেন, চাঁদাবাজ ও দখলবাজদের চাপের বিপরীতে জনগণকে সঙ্গে নিয়ে উল্টো প্রতিরোধ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।
জালিয়াপালং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা আবু সাঈদ মোহাম্মদ মাসুমের উপস্থাপনায় এবং ইউনিয়ন আমীর মাওলানা হোসাইন আহমদ মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, ইউনিয়ন নায়েবে আমীর মাস্টার দিদার আহমদ সিকদার, জামায়াত নেতা আব্দুল জাব্বার, মাস্টার ইদ্রিস, অ্যাডভোকেট কলিম উল্লাহ, শাহজাহান সিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।


