চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য ও বাংলা ট্রিবিউনের চট্টগ্রাম ব্যুরো প্রধান সাংবাদিক মো. নাসির উদ্দিন রকির পিতা আলহাজ্ব মো. দুদু মিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) নেতৃবৃন্দ।
শনিবার (২৫ এপ্রিল) এক শোকবার্তায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ এবং সিএমইউজে সভাপতি মো. শাহনওয়াজ ও সাধারণ সম্পাদক সালেহ নোমান শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
নেতৃবৃন্দরা বলেন, সাংবাদিক রকির পিতা মো. দুদু মিয়া ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ ও পরোপকারী একজন মানুষ। তিনি নিজ উদ্যোগে একাধিক মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এলাকার ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে তার অবদান স্থানীয়দের কাছে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। সৃষ্টিকর্তা তাঁর পরিবারের সদস্যদের যেন শোক সহ্য করার ক্ষমতা দেন এ প্রত্যশা করেন তারা।
মো. দুদু মিয়া বার্ধক্যজনিত রোগসহ দীর্ঘদিন নানা জটিল রোগে ভুগছিলেন। শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। মরহুমের জানাজা নামাজ বাদে আসর রাউজান উপজেলার পাহাড়তলী শেখপাড়া পরীজান প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি ছয় ছেলে সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।


