বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, বর্তমান প্রজন্মের মাঝে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় পেশাজীবীদের এগিয়ে আসতে হবে। দেশের পেশাজীবী অঙ্গনে ইসলামী আন্দোলনের একটি সুসংগঠিত ও মজবুত অবস্থান তৈরি করা অপরিহার্য। তিনি বলেন, ন্যায়, সততা ও আদর্শভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে পেশাজীবীদের মাঝে ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দিতে হবে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ৯টায় চট্টগ্রাম মহানগরীর কার্যালয়ে সাংগঠনিক ও বায়তুলমাল পক্ষ উপলক্ষে আয়োজিত পেশাজীবী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুহাম্মদ শাহজাহান আরও বলেন, বর্তমান সমাজে নৈতিক অবক্ষয় ও মূল্যবোধের সংকট প্রকট আকার ধারণ করেছে। এ পরিস্থিতিতে পেশাজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা যদি নিজেদের কর্মক্ষেত্রে সততা, জবাবদিহিতা ও ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারেন, তবে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে। তিনি পেশাজীবীদের সংগঠিত হয়ে ইসলামী আন্দোলনের দাওয়াতকে শক্তিশালী করার আহ্বান জানান।
তিনি বলেন, আগামী ৪-১৮ মে কেন্দ্র ঘোষিত সাংগঠনিক ও বায়তুলমাল পক্ষ পালনে পেশাজীবী দায়িত্বশীলদের পরিকল্পিত ভূমিকা পালন করতে হবে। এই পক্ষকে উপলক্ষে করে পেশাজীবী সংগঠনকে আরও মজবুত করতে হবে। সংগঠন পদ্ধতির আলোকে ইউনিট পরিচালনার জন্য পক্ষকে কাজে লাগাতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসানুল্লাহ ভূঁইয়া।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক আহসানুল্লাহ বলেন, দক্ষতা, নৈতিকতা ও আদর্শিক দৃঢ়তার সমন্বয়ে একটি শক্তিশালী পেশাজীবী সমাজ গড়ে তোলার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, পেশাজীবীরা সমাজের সচেতন ও প্রভাবশালী শ্রেণি। তাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো আদর্শিক পরিবর্তন সম্ভব নয়। তিনি পেশাজীবীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সংগঠনিক ও বায়তুলমাল পক্ষের কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, পেশাজীবীদের প্রতিটি স্তরে সংগঠন সম্প্রসারণ ও মজবুতি অর্জন টিম ভিত্তিক মনিটরিং করতে হবে। সকল জনশক্তির মান সংরক্ষণে দায়িত্বশীলদের আরও ভূমিকা পালন করতে হবে। আর্থিক সহযোগিতার সমৃদ্ধ করার পাশাপাশি সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার ও মুহাম্মদ উল্লাহ, মহানগরীর সাংগঠনিক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান, মহানগরী কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী, অধ্যাপক মুহাম্মদ সাইফুল্লাহ, মাহমুদুল আলম, অধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, ড. আ ম ম মসরুর হোসাইন, থানা আমীর সেলিম উল্লাহ জামান, ইন্জিনিয়ার রুহুল আমিন, মহিউদ্দিন শাহজাহান, ডা. মুহাম্মদ ইউসুফ, এডভোকেট আব্দুল্লাহ আল গালিব সহ এতে আরও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন পেশাজীবী দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


