শনিবার, ২ মে ২০২৬
Single Top Banner

কাজ নেই, আর্থিক সংকটে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা-এর শারীরিক অবস্থা নিয়ে সম্প্রতি ভক্তদের মাঝে উদ্বেগ তৈরি হলেও তিনি নিজেই জানিয়েছেন, চিন্তার মতো কিছু নেই।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) কল্পনা বলেন, “আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সেভাবে কোনো সমস্যা নেই। আবহাওয়া পরিবর্তনের কারণে মাঝে মাঝে জ্বর, ঠান্ডা ও কাশি হয়, আবার ঠিক হয়ে যায়। যেহেতু বয়স হয়েছে, এটা স্বাভাবিক। সবাই আমার জন্য দোয়া করবেন।”

তবে শারীরিক সমস্যার চেয়ে বর্তমানে কাজের অভাবই বেশি ভোগাচ্ছে এই অভিনেত্রীকে। দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে কাজ না থাকায় তিনি আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন বলে জানান।

কল্পনা বলেন, “অনেক দিন ধরে কাজ নেই। কাজ না করতে পারার কারণে অর্থনৈতিক সমস্যা হচ্ছে। বসে বসে কয়দিন চলা যায়। আমি কাজ করতে চাই। ভারি কাজ না পারলেও স্বাভাবিক যেসব কাজ করা যায়, তা করার জন্য আমি প্রস্তুত। কাজ করলে হয়তো আরও ভালো থাকব।”

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন)-এর ‘নতুন মুখের সন্ধানে’ কর্মসূচির মাধ্যমে ১৯৮৪ সালে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন কল্পনা। অভিনয়ে আসার আগেও তার জীবন ছিল ভিন্নধর্মী—তিনি পেশায় শিক্ষক ছিলেন। একদিন কাপড়ের ভাঁজে পাওয়া একটি বিজ্ঞাপনের সূত্র ধরেই আবেদন করেন ‘নতুন মুখের সন্ধানে’, যা পরবর্তীতে তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়।

পরিচালক মিজানুর রহমান-এর ‘হনুমানের পাতাল বিজয়’ চলচ্চিত্র দিয়ে অভিনয়ে অভিষেক হলেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল মতিন রহমান পরিচালিত ‘রাধাকৃষ্ণ’। এরপর দীর্ঘ ক্যারিয়ারে পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করে তিনি নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত