মঙ্গলবার, ১২ মে ২০২৬
Single Top Banner

হাটহাজারীতে ছাত্রলীগ-যুবলীগ-আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের হাটহাজারীতে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ। শনিবার থেকে সোমবার (৪ মে) পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সোমবার রাতে হাটহাজারী মডেল থানা কর্তৃপক্ষ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ও শুক্রবার নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতাকর্মী উপজেলার বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল বের করে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করে।

এ ঘটনায় প্রশাসনের নজরে আসার পরপরই পুলিশ বিশেষ অভিযান শুরু করে। অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন—ছাত্রলীগের সক্রিয় সদস্য আরহাদ হোসেন আহাদ (২৮), ফতেপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগ সদস্য জানে আলম (৩৫), চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সক্রিয় সদস্য মো. পারভেজ হোসেন (২৪), হাটহাজারী পৌরসভা ছাত্রলীগের সভাপতি মো. দিদারুল আলম (৩৫), ছাত্রলীগের মিছিলের অর্থদাতা হিসেবে অভিযুক্ত ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. শফিউল আলম (৫৫), ছাত্রলীগের সদস্য ফারহান মাসুদ তাওসীফ (২৩), মো. জাহেদুল আলম জাহেদ (২৩), মো. রাকায়েত হাসান শুভ (২০), মো. আবদুল্লাহ তুষার (২২) এবং মো. আশরাফুল ইসলাম তামিম (২০)।

হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান জানান, গত তিন দিনের অভিযানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সোমবার তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত