মঙ্গলবার, ১২ মে ২০২৬
Single Top Banner

মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে দন্ত চিকিৎসকের মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে তদন্ত

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ বাজারে নিজ চেম্বার থেকে রেজাউল করিম গোলাপ (৪৮) নামে এক দন্ত চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ মে) সকালে ‘জোসনা ডেন্টাল কেয়ার’ নামের তার চেম্বার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রেজাউল করিম উপজেলার ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর দরবেশ আলী ভূঁইয়া বাড়ির মরহুম মাওলানা অলি আহম্মদের বড় ছেলে এবং মিরসরাই প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইউসুফের বড় ভাই।

পারিবারিক সূত্রে জানা যায়, রেজাউল করিম পরিবার নিয়ে চট্টগ্রাম শহরে বসবাস করলেও মাঝে মধ্যে কাজের প্রয়োজনে চেম্বারেই রাত্রীযাপন করতেন। সোমবার সকালে তার ভাতিজা চেম্বারে এসে দরজা বাইরে থেকে বন্ধ দেখতে পান। পরে দরজা খুলে ভেতরে ঢুকে তাকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই সাংবাদিক মোহাম্মদ ইউসুফ বলেন, “আমার ভাই অনেক সময় কাজ শেষে রাতে চেম্বারেই থাকতেন। সকালে খবর পেয়ে জানতে পারি তিনি মারা গেছেন। তিন মাস আগে কাতারে আমার আরেক ভাইও মারা যায়। সেই শোক কাটতে না কাটতেই আবার এমন ঘটনা ঘটলো।”

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেহের নিগার মুনমন জানান, হাসপাতালে আনার আগেই রেজাউল করিমের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করে মারা যেতে পারেন। তবে ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

এদিকে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, ঘটনাস্থল ও মরদেহ পর্যবেক্ষণে মাথার পেছনে ও কপালের পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ফলে মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। বিষয়টি নিশ্চিত হতে মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত