চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নে বিএসটিআই সনদ ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে পানি বিশুদ্ধকরণ ও বাজারজাত করার অভিযোগে ‘লোহাগাড়া ড্রিংকিং ওয়াটার’ নামের একটি প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে প্রতিষ্ঠানের এক সেলসম্যানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত জেলা এনএসআই চট্টগ্রামের তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন।
প্রশাসন সূত্রে জানা যায়, আমিরাবাদ ইউনিয়নের পূর্ব সওদাগর পাড়ায় অবস্থিত দারুল উলুম মোহাম্মাদিয়া নুরানি মাদ্রাসার তিনটি কক্ষ ভাড়া নিয়ে কোনো ধরনের বৈধ অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে পানি বিশুদ্ধকরণ ও বাজারজাত কার্যক্রম চালিয়ে আসছিল প্রতিষ্ঠানটি।
অভিযানে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ শের আলীর উপস্থিতিতে দেখা যায়, অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে জারে পানি ভর্তি করা হচ্ছে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় অপরাধ স্বীকার করায় প্রতিষ্ঠানের সেলসম্যান মো. রিদুয়ানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়।
জনস্বাস্থ্যের ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে ওয়াটার প্লান্টটি সম্পূর্ণ সিলগালা করে বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন।
এদিকে, গোপন অনুসন্ধানে জানা গেছে, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোহাগাড়া উপজেলার বিভিন্ন সরকারি অফিস, ব্যাংক-বীমা প্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টার, হোটেল ও রেস্টুরেন্টে জারের মাধ্যমে পানি সরবরাহ করে আসছিল। স্থানীয়দের অভিযোগ, মাদ্রাসার কক্ষ ব্যবহার করে গোপনে এসব কার্যক্রম পরিচালনা করা হতো।
লোহাগাড়া উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য রক্ষায় ভেজাল ও অনুমোদনহীন খাদ্য-পানীয় উৎপাদন ও বাজারজাতের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।


