চট্টগ্রাম জেলা পুলিশের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মো. মাসুদ আলম বিপিএম। বৃহস্পতিবার (৭ মে) আনুষ্ঠানিকভাবে তিনি চট্টগ্রাম জেলা পুলিশের দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।
নবাগত পুলিশ সুপারকে স্বাগত জানাতে এদিন চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে সম্মানসূচক গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত থেকে তাকে শুভেচ্ছা জানান।
দায়িত্ব গ্রহণের পর তিনি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন ও নাগরিক সেবার মান উন্নয়নে জিরো টলারেন্স নীতিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি চট্টগ্রামের সম্মানিত নাগরিকদের সহযোগিতা কামনা করেন।

নবাগত এসপি বলেন, আধুনিক ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে জেলা পুলিশের সব ইউনিটকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পরে তিনি জেলার সকল থানার ওসি, ট্রাফিক, কোর্ট, গোয়েন্দা শাখা (ডিবি), বিশেষ শাখা (ডিএসবি) এবং অন্যান্য ইউনিটের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন।
সভায় তিনি ‘টিম চট্টগ্রাম’ হিসেবে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। জেলা পুলিশের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, তার গতিশীল নেতৃত্ব, পেশাদারিত্ব ও জনমুখী দৃষ্টিভঙ্গির মাধ্যমে চট্টগ্রামে স্মার্ট পুলিশিং ও আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।


