মঙ্গলবার, ১২ মে ২০২৬
Single Top Banner

নগরে গুলাগুলিতে রাউজানের যুবক নিহত, গুলিতে আহত শিশু

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকার রৌফাবাদে দুর্বৃত্তদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে রেশমি আক্তার (১১) নামে এক শিশু।

বৃহস্পতিবার (৭ মে) রাত পৌনে ১০টার দিকে রৌফাবাদ কলোনির শহীদ মিনার এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম হাসান প্রকাশ রাজু। তিনি রাউজান উপজেলা কদলপুর ইউনিয়নের বাসিন্দা। তার বাবার নাম আবুল কালাম। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি রৌফাবাদ এলাকায় তার বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক জানান, রৌফাবাদ কলোনির শহীদ মিনার গলিতে রেশমি আক্তার দোকানে যাওয়ার সময় হঠাৎ কয়েকজন সন্ত্রাসী গোলাগুলি শুরু করে। এ সময় একটি গুলি শিশুটির চোখে বিদ্ধ হলে সে গুরুতর আহত হয়। পরে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।

তিনি আরও জানান, আহত রেশমি আক্তার রৌফাবাদ কলোনির বাসিন্দা রিয়াজ আহমেদের মেয়ে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার (ডিসি) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রৌফাবাদ শহীদ মিনার এলাকায় গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছেন এবং এক শিশু আহত হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা এ হামলার সঙ্গে জড়িত এবং কী কারণে গোলাগুলির ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত