চট্টগ্রামের লোহাগাড়ায় দুটি যাত্রীবাহী মারছা বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশত যাত্রী। তাদের মধ্যে ১০ থেকে ১৫ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
শনিবার (৯ মে) সকাল ১১টার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি ফোরসিজন রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মুখোমুখি সংঘর্ষের সময় বাস দুটির একটি চট্টগ্রাম থেকে ছেড়ে কক্সবাজার অভিমুখে যাচ্ছিল আরেকটি কক্সবাজার থেকে ছেড়ে চট্টগ্রাম অভিমুখে যাচ্ছিল। তবে যাত্রীদের অভিযোগ গাড়ি দুটি বেপরোয়া গতিতে চলছিল।

দুর্ঘটনায় নিহত রেহেনা বেগম (৬০) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার পাথরিয়া ইউনিয়নে। জানা গেছে, তারা পটিয়া থেকে কক্সবাজার যাচ্ছিলেন।
এদিকে, দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। যাদের অবস্থা আশংকাজনক তাদেরকে উন্নত চিকিংসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।


