ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ২৯ মামলার আসামি আন্তঃজেলার দুর্ধর্ষ ডাকাত নুর নবীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৬ মে) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখা ও জোরারগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মো. নুর নবী প্রকাশ রাসেল (৩৬), কালাম (২৮) ও সেলিম (২০)।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল মঙ্গলবার বিকেলে জানান, জোরারগঞ্জ থানাধীন ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ দক্ষিণ সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের মাওলানা শফিউল আলম নিজামী সড়কের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় তাদের ব্যবহৃত দুইটি পিকআপ গাড়ি এবং দেশীয় অস্ত্রশস্ত্র জব্দ করা হয়।
গ্রেফতার তিনজনের মধ্যে নুর নবী প্রকাশ রাসেল আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৯টি মামলা রয়েছে।


