পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিগত জুলাই-আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে নিহত চট্টগ্রামের বীর শহীদদের পরিবারের পাশে দাঁড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), চট্টগ্রাম মহানগর। ঈদের এই আনন্দের দিনে শহীদ পরিবারের সদস্যদের সাথে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন দলের নেতৃবৃন্দ।
এনসিপি নেতৃবৃন্দ জানান, স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে বুক পেতে দিয়ে চট্টগ্রামের যেসব বীর সন্তান শহীদ হয়েছেন, দেশের ইতিহাসে তাঁদের আত্মত্যাগ চিরস্মরণীয়। ঈদের খুশির দিনেও শহীদদের এই শূন্যতা কোনো পরিবারের পক্ষেই কাটিয়ে ওঠা সম্ভব নয়। তাই শহীদদের সর্বোচ্চ ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করতেই তাঁরা শহীদদের বাসভবনে ছুটে গেছেন। এ সময় নেতৃবৃন্দ শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং আগামী দিনগুলোতেও তাঁদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগরের কোষাধ্যক্ষ এমদাদুল হক, যুগ্ম সদস্য সচিব সরোয়ার কামাল, যুগ্ম সদস্য সচিব এম আলী আশিক, সহ-সাংগঠনিক সম্পাদক সাকিব মিয়াজি, সহ-দপ্তর সম্পাদক রবিউল ইসলাম এবং সদস্য বখতিয়ার উদ্দীন প্রমুখ।


