আবাসিক গ্রাহকদের জন্য ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বর্ধিত মূল্যহার প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে এই শ্রেণির গ্রাহকদের ক্ষেত্রে আগের বিদ্যুৎ মূল্যহারই বহাল থাকবে।
বৃহস্পতিবার (৪ জুন) বিইআরসির সচিব মো. নজরুল ইসলাম সরকারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আবাসিক লাইফ লাইন (শূন্য থেকে ৫০ ইউনিট) এবং আবাসিক প্রথম ধাপের (শূন্য থেকে ৭৫ ইউনিট) গ্রাহকদের জন্য নির্ধারিত বর্ধিত মূল্যহার কার্যকর না করে পূর্বের মূল্যহার বহাল রাখা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী- লাইফ লাইন (০-৫০ ইউনিট) গ্রাহকদের এনার্জি চার্জ হবে প্রতি ইউনিট ৪.৬৩ টাকা।
আবাসিক প্রথম ধাপের (০-৭৫ ইউনিট) গ্রাহকদের এনার্জি চার্জ হবে প্রতি ইউনিট ৫.২৬ টাকা।
বিইআরসি জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিগুলোর আয় কিছুটা কমবে। তবে অতিরিক্ত সরকারি ভর্তুকির মাধ্যমে সেই ঘাটতি সমন্বয় করা হবে।
সংস্থাটি আরও জানিয়েছে, নতুন এই আদেশ চলতি জুন মাসের বিদ্যুৎ বিল থেকেই কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।


