শুক্রবার, ৫ জুন ২০২৬
Single Top Banner

প্রাথমিক শিক্ষার্থীরা পাবেন বিনামূল্যে ইউনিফর্ম ও জুতা

ডেস্ক রিপোর্ট :

সরকার আগামী আগস্ট মাসের মধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুল ইউনিফর্ম ও জুতা বিতরণ কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি শুরু করতে চায় বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বৃহস্পতিবার (৪ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের শীর্ষস্থানীয় ফুটওয়্যার ব্র্যান্ড প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস ও ফুটওয়্যার বিতরণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, চলতি বছরের আগস্ট মাসের মধ্যেই পাইলট কর্মসূচির দৃশ্যমান অগ্রগতি জনগণের সামনে উপস্থাপন করতে চায় সরকার। বিশেষ করে সরকারের প্রথম ছয় মাস পূর্তির আগেই এ উদ্যোগ বাস্তবায়নের কাজ শুরু করার লক্ষ্য রয়েছে।

তিনি জানান, দেশের প্রায় ১ কোটি ৭ লাখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য ধাপে ধাপে ইউনিফর্ম ও জুতা সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ১৮০ দিনের কর্মসূচির আওতায় একটি পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য মানসম্মত পোশাক ও জুতা বিতরণের কার্যকারিতা যাচাই করা হবে।

ববি হাজ্জাজ বলেন, দেশের তৈরি পোশাক শিল্পের শীর্ষ সংগঠনগুলো ইতোমধ্যে সরকারের এ উদ্যোগে ইতিবাচক সাড়া দিয়েছে। তাদের সহযোগিতায় পাইলট প্রকল্পের জন্য চার লাখের বেশি ইউনিফর্ম পাওয়া যাচ্ছে। একইভাবে দেশের জুতা শিল্পের প্রতিষ্ঠানগুলোর কাছ থেকেও সহযোগিতা প্রত্যাশা করছে সরকার।

সভায় তিনি আরও জানান, পাইলট পর্যায়ে প্রথম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সাদা রঙের ভেলক্রোযুক্ত (ফিতাবিহীন) কেডস সরবরাহের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। যেহেতু প্রথম শ্রেণির অধিকাংশ শিক্ষার্থীর বয়স প্রায় ছয় বছর, তাই উপযুক্ত সাইজ, সাইজের বৈচিত্র্য, ছেলে-মেয়েদের চাহিদা এবং সরবরাহযোগ্য সংখ্যা নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মতামত চাওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সম্ভাব্য অনুদানের পরিমাণ, সরবরাহের সময়সীমা এবং উৎপাদন ব্যয়ের কাঠামো সম্পর্কে বিস্তারিত তথ্য মন্ত্রণালয়ে পাঠানোর আহ্বান জানান।

তিনি বলেন, ভবিষ্যতে বৃহৎ পরিসরে জুতা সরবরাহ নিশ্চিত করতে সরকার ও শিল্পখাতের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলা হবে।

সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ দেশের বিভিন্ন ফুটওয়্যার কোম্পানির শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত