চট্টগ্রামের মিরসরাইয়ে রেলক্রসিংয়ে আটকে থাকা বালুভর্তি একটি মিনি ট্রাকের সঙ্গে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় কোনো হতাহত না হলেও এ ঘটনার পর থেকে সাময়িকভাবে উভয় লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
রবিবার (৭ জুন) সকাল ৯টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় মামা ফকির মাজার এলাকার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মামা ফকির মাজার সংলগ্ন রেলক্রসিং পার হওয়ার সময় একটি বালুভর্তি মিনি ট্রাক রেললাইনে আটকে পড়ে। এ সময় চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস দ্রুতগতিতে ওই স্থানের দিকে এগিয়ে আসতে দেখে ট্রাকের চালক ও হেলপার দ্রুত গাড়ি থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান।

পরে ট্রেনটি ট্রাকটিকে সজোরে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষের পর ট্রাকটিকে প্রায় আধা কিলোমিটার দূর পর্যন্ত টেনে নিয়ে যায় ট্রেনটি।
চিনকি আস্তানা রেলস্টেশনের স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম জানান, সকাল আনুমানিক ৯টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসের সঙ্গে একটি বালুবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। তবে এ ঘটনায় কোনো প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি ট্রেনের সঙ্গে আটকে থাকায় তাৎক্ষণিকভাবে সরানো সম্ভব হয়নি। ফলে উদ্ধার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত উভয় লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
রেলওয়ে সংশ্লিষ্টরা জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


