শুক্রবার, ২৬ জুন ২০২৬
Single Top Banner

চসিকের হারানো গৌরব ফেরাতে সিটি গভর্ন্যান্স ঢেলে সাজাতে হবে: অধ্যক্ষ হেলালী

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হারানো গৌরব ফিরিয়ে আনতে হলে আধুনিক ও কার্যকর সিটি গভর্ন্যান্স ব্যবস্থা গড়ে তুলতে হবে। উন্নত দেশগুলোর মতো বিশাল বাজেট দেওয়া সম্ভব না হলেও তাদের প্রশাসনিক কাঠামো ও সেবাব্যবস্থার কার্যকর মডেল অনুসরণ করা যেতে পারে।

শুক্রবার (২৬ জুন) সকালে বৃটেন ও তুরস্ক সফর শেষে দেশে ফিরে পাঁচলাইশ থানা জামায়াত আয়োজিত বাছাইকৃত কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ হেলালী বলেন, সিটি কর্পোরেশন একটি নির্বাচিত জনপ্রতিনিধি দ্বারা পরিচালিত প্রতিষ্ঠান হলেও নগর উন্নয়নের গুরুত্বপূর্ণ দায়িত্ব বর্তমানে সিডিএর মতো অনির্বাচিত সংস্থার হাতে রয়েছে। এতে জবাবদিহিতা ও সমন্বয়ের ঘাটতি তৈরি হচ্ছে। নগরবাসীর প্রত্যাশা পূরণে নির্বাচিত প্রতিষ্ঠানের ক্ষমতা ও কার্যকারিতা বাড়ানো প্রয়োজন।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। অনেকেই প্রশ্ন তোলেন, জামায়াত কী করতে পারবে। কিন্তু দেশের ধর্মীয় মূল্যবোধ ও ধর্মীয় রাজনীতির ক্ষেত্র সংরক্ষণে জামায়াত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মফিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নগর জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মসরুর হোসাইন, চান্দগাঁও থানার সহকারী সেক্রেটারি ওমর গনি, পশ্চিম ষোলশহর ওয়ার্ড জামায়াতের আমীর কাজী আব্বাস আলী, শুলকবহর ওয়ার্ড জামায়াতের আমীর তাওহীদ আজাদ, ইঞ্জিনিয়ার আরিফুল হোসাইন, শফিউল আজিম মন্টি, শহীদুল্লাহ তালুকদার, নুরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত