ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোন ব্যক্তি, রাজনৈতিক দলের একার নয় এ আন্দোলনে অংশ নিয়েছিল ছাত্র, শ্রমিক, মজুর, সাধারণ মানুষ সবাই । এটি ১৮ কোটি মানুষের আন্দোলন। এ আন্দোলনে যে ত্যাগ সেটি কিছুতেই পরিমাপ করা যাবেনা।
প্রতিমন্ত্রী বৃহস্পতিবার চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত জুলাই গণঅভ্যূত্থান দিবস ২০২৬ উপলক্ষে সভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন সভায় সভাপতিত্ব করেন।
ভূমি প্রতিমন্ত্রী বলেন, এ আন্দোলন একদিন বা এক মাসে তৈরি হয়নি। গত ১৭ বছরে যে অন্যায় নির্যাতন বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের উপর চালানো হয়েছে, তারই ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে এ জুলাই আন্দোলনে। গত ১৭ বছরে হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের বুক খালী হয়েছে, গুম, খুনের শিকার হয়েছে আমাদের অনেক দলীয় ও নির্দলীয় লোক। ওয়াসিম আকরাম এ প্রতিবাদের একটি প্রতীক । এছাড়াও চট্টগ্রামে নিহত ফারুক ও শান্তর শহীদ হওয়ার স্মৃতি এসময় মন্ত্রী উল্লেখ করেন।
সভায় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়া উদ্দিন আহমেদ বলেন জুলাই শহিদ পরিবারের কল্যানে এককালীন ৩০ লক্ষ টাকার সঞ্চয়পত্র এবং ৩০ হাজার টাকার ভাতা যোগ করা হচ্ছে। জুলাই যোদ্ধাদের ৩ শ্রেণিকে মাসিক ভাতা দেয়া হচ্ছে ক শ্রেণির জুলাই যোদ্ধাদের জন্য ২০ হাজার, খ শ্রেণির জুলাই যোদ্ধাদের ১৫ হাজার এবং গ শ্রেণির জুলাই যোদ্ধাদের ১০ হাজার। অনেককে ভারত, সিঙ্গাপুর, তুরস্ক থাইল্যান্ডে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, দেশের অভ্যন্তরে সকল হাসপাতালে বিনামূলে চিকিৎসা করা হয়েছে, আর্থিক সহায়তার জন্য এককালীন ক শ্রেণির ৫ লক্ষ খ শ্রেণি ৩ লক্ষ গ শ্রেণি ১ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।
মো. এরশাদ উল্লাহ এমপি, মোহাম্মদ আবু সুফিয়ান এমপি, সাঈদ আল নোমান এমপি, হুম্মাম কাদের চৌধুরী এমপি, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির অনুষ্ঠানে বক্তৃতা করেন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।


