স্টাফ রিপোর্টার: নগরের আগ্রাবাদে মা ও শিশু হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের যেন দুর্ভোগের শেষ নেই। একটু বৃষ্টি আর জোয়ারের পানিতে থৈ থৈ অবস্থা।
হাঁটু পানি মাড়িয়ে যাতায়াত করতে হয় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের।
নিচু এলাকা হওয়ায় প্রতিদিনই একটি নির্দিষ্ট সময় জোয়ারের পানিতে নিমজ্জিত থাকে হাসপাতালটির নিচতলা। এর সঙ্গে বৃষ্টি হলে কোমর সমান পানিতে তলিয়ে যায়। এতে রোগী আর স্বজনদের বাড়ে আরও দুর্ভোগ।
হাসপাতল কর্তৃপক্ষ বলছে, আগে হাসপাতালের বাইরে রাস্তায় পানি উঠলেও গত ৪-৫ বছর ধরে হাসপাতালের ঢুকে পড়ছে পানি। হাসপাতালটির ব্যবস্থাপনা কমিটির ট্রেজারার মো. রেজাউল করিম আজাদ বলেন, পানি থাকার কারণে রোগীদের দুর্ভোগ বাড়ছে।
সিডিএর একটি পরিকল্পনা আছে পানি নিষ্কাশনের বিষয়ে। তাদের পরিকল্পনার সঠিক বাস্তবায়ন হলে হয়তো আগামীতে এর সুফল পাবো। কিন্তু কবে নাগাদ এ সুফল পাবো তা নিয়ে সন্দিহান।
রোগীর স্বজনরা জানান, প্রতিদিনই হাসপাতালটিতে পানি ওঠে। রোগী নিয়ে হাসপাতালে আসতে খুবই কষ্ট হয়। তাছাড়া রোগীর কোনো প্রয়োজনে হাসপাতাল থেকে বের হলে হাঁটু পানি মাড়িয়ে যেতে হয়। শহরের মধ্যে এমন একটি হাসপাতালে পানি উঠে তা অনেকটা আশ্চর্যজনক।


