বিশেষ প্রতিনিধি: পাহাড়ি ঢল শুরু হলে বাঁশের সঙ্গে বেঁধে খালে ছেড়ে দেওয়া হয় সেগুন কাঠ। স্রোতে ভেসে সেই কাঠ নির্দিষ্ট স্থানে পৌঁছালে তা তুলে ভরা হয় ট্রাকে।
এভাবেই পাচার হচ্ছিলো বন বিভাগের শত শত সেগুন কাঠ।
তবে শেষ রক্ষা হয়নি কাঠ পাচারকারীদের। ফটিকছড়ির শোভনছড়ি বন থেকে মন্দাকিনী খাল দিয়ে পাচারের সময় দেড় লাখ টাকা মূল্যের সেগুন কাঠ হাটহাজারী থেকে জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৮ আগস্ট) হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া এলাকায় অভিযান চালিয়ে মন্দাকিনী খাল থেকে ট্রাকে তোলার সময় ভ্রাম্যমাণ আদালত এসব সেগুন কাঠ জব্দ করেন।
অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।
ইউএনও মো. রুহুল আমিন জানান, সড়কপথে কাঠ পাচারের সময় ধরা পড়ার শঙ্কা থেকে পাচারকারীরা অভিনব কায়দায় বন বিভাগের সেগুন কাঠ খাল দিয়ে পাচার করছিলো।
‘মঙ্গলবার একজন ব্যক্তি ফেসবুকে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আনলে আমরা দ্রুত ঘটনাস্থলে অভিযান চালাই। আমাদের দেখে খাল থেকে ট্রাকে কাঠ তোলা কয়েকজন শ্রমিক খালে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ১৫৪টি সেগুন কাঠ জব্দ করা হয়। ’
তিনি বলেন, জব্দ করা কাঠ বন বিভাগের কর্মকর্তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বন বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে।


