বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Single Top Banner

দেশে ফিরলেন সাকিব আল হাসান

ক্রীড়া ডেস্ক: যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বিমানবন্দরে সাকিবকে স্বাগত জানাতে তার ভক্ত-সমর্থকরা জড়ো হন। বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি গণমাধ্যমে কথাও বলেন।

গত ২৯ অক্টোবর নিষেধাজ্ঞামুক্ত হয়েছেন সাকিব আল হাসান। বাজিকরদের কাছ থেকে অফার পেয়ে তা গ্রহণ না করলেও, সেটা নিজ বোর্ড কিংবা আইসিসির কাছে না জানানোর অপরাধে এক বছরের নিষেধাজ্ঞা ভোগ করতে হয়েছে চ্যাম্পিয়ন অলরাউন্ডারকে।

খোঁজ নিয়ে জানা গেছে, দেশে ফিরে বিসিবির প্রস্তাবিত টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবেন সাকিব। এর আগে তার টিমের অনুশীলনেও অংশ নেবেন।

গত সোমবার সাকিবের এক ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে, দেশে ফিরে টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য প্রস্তুতি শুরু করবেন। যতদূর জানা গেছে, সেটা বিকেএসপিতে নয় বরং দেশের হোম অব ক্রিকেটে।

তার মানে নভেম্বরের ১০ তারিখের মধ্যেই হয়তো শেরেবাংলায় ব্যাট ও বল হাতে অনুশীলনে দেখা মিলবে সাকিবের। তারপর চলতি মাসের মাঝামাঝি সময় থেকে যে পাঁচ দলকে নিয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্ট হবে, সেখানেও খেলবেন সাকিব। বলার অপেক্ষা রাখে না, প্লেয়ার্স ড্রাফট হলে সাকিবকে পেতেই আগ্রহী হবে সব দল।

একবছর পর আবার মাঠে ফেরা মুক্ত সাকিবকে দলে ভেড়াতে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। প্লেয়ার্স ড্রাফট হলে সাকিবই হবেন সব দলের ফার্স্ট চয়েজ। তাকে নিয়ে নিশ্চিতভাবেই কাড়াকাড়ি পড়ে যাবে এবং এটা সত্য যে, টি-টোয়েন্টি টুর্নামেন্টে সাকিব আছেন বলেই শেষ পর্যন্ত এটা করপোরেট লিগ হতে যাচ্ছে। মাঠে ফেরা সাকিব হতে পারেন যেকোনো দলের জন্য বড় সম্পদ।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত