বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

ক্ষমতায় যেতে বিএনপি অন্ধকারের চোরাগলি খুঁজছে: ওবায়দুল কাদের

চেতনা ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের মানুষ জিম্মি নয়, বরং হাওয়া ভবনতন্ত্রের জুলুম ও মিথ্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ।

আজ শুক্রবার (৬ নভেম্বর) সকালে রাজধানীতে সরকারি বাসভবনে ব্রিফিংকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্যের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন। তিনি বলেন, ‘বিএনপি দেশের অগ্রগতি ও সমৃদ্ধি দেখতে পায় না বলেই সরকারের কোনো অর্জন তাদের চোখে পড়ে না। ক্ষমতায় যেতে বিএনপি অন্ধকারের চোরাগলি খুঁজছে।’

সরকার জনগণকে জিম্মি করে দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে বিএনপির মহাসচিবের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি বরাবরের মতো সরকারের বিরুদ্ধে অবিরাম অসত্য অভিযোগের তীর ছুড়ে যাচ্ছে। বিএনপি দেশের অগ্রগতি ও সমৃদ্ধি দেখতে পায় না বলেই সরকারের কোনো অর্জন তাদের চোখে পড়ে না। শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশের অর্জনের গল্প বিশ্বের প্রতিটি প্রান্তে যখন প্রশংসিত, তখনো বিএনপি অন্ধকার দেখে। যাদের দেখার চোখ নেই, তারা তো চারদিকে অন্ধকার দেখবেই।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির দৃষ্টিসীমা ঘন কুয়াশায় আচ্ছন্ন। তাই তারা ক্ষমতায় যেতে অন্ধকারের চোরাগলি খোঁজে। দেশের মানুষ ভালো আছে বলেই শেখ হাসিনার নেতৃত্বের ওপর তাদের আস্থা দিন দিন সুদৃঢ় হচ্ছে। তৃণমূলসহ দেশের মানুষকে উন্নততর জীবন দেওয়াই শেখ হাসিনার লক্ষ্য।’

ওবায়দুল কাদের শুধু বিএনপির বিরুদ্ধে কথা বলেন মির্জা ফখরুলের এমন মন্তব্যের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘আমি বিএনপির বিরুদ্ধে বলি না; বলি বিএনপির মিথ্যাচার ও অপরাজনীতির বিরুদ্ধে।’

দেশের অব্যাহত সমৃদ্ধিতে বিএনপির চোখের কোণে বালি জমেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দেশের উন্নয়ন এবং এগিয়ে যাওয়ার কথা তাদের কানে জ্বালা ধরায়, তারা শুধু নিজেদের অংশটুকুই শুনতে পায়। অন্য কিছু শুনতে ও দেখতে পায় না। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মিথ্যাচারবের ঢোল পেটানোই এখন বিএনপির নিত্যদিনের রুটিন ওয়ার্ক বলে জানান তিনি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রত্যেক দিন একটি ঘরের মধ্যে সুন্দর আসনে বসে চমৎকার কথা বলেন। তিনি ছাত্রজীবনে নাটক করতেন এবং সুন্দর করেই বলেন। তাঁর বলার প্রতিপাদ্য একটাই, বিএনপির এই নেই, ওই নেই। উনারা তো বলেন বিএনপি নেই, তাহলে তাদের মুখে সারা দিন বিএনপি বিএনপি কেন?’

এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘তা সত্যি নয়। আমি বই লিখেছি, সাহিত্যের অন্যান্য ধারায় যুক্ত ছিলাম। কিন্তু ফখরুল সাহেব ছাত্রজীবনে ভালো অভিনয় করতেন। সেই ধারাবাহিকতায় মির্জা ফখরুল সাহেব তাঁর রাজনৈতিক জীবনে প্রভাব ফেলছে বলে মনে করছেন অনেকেই।’

সেতুমন্ত্রী বলেন, ‘ফখরুল সাহেব সত্যকে সত্য বলতে চান, সাদাকে সাদা আর কালোকে কালোও বলতে চান। কিন্তু কোনো এক অদৃশ্য কারণে তা বলতে পারেন না। আর এ জন্যই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হয়েও সংসদে যেতে পারেননি। ফখরুল সাহেব রাজনীতির কারণে যা বলেন, তা তিনি নিজেও বিশ্বাস করেন না বলে জনমনেও সংশয় রয়েছে।’

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত