বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

দেশে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১৩, আক্রান্ত ১৮৪৫

চেতনা ডেস্ক: নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ছয় হাজার ১৪০ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো এক হাজার ৮৪৫ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট চার লাখ ২৭ হাজার ১৯৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ৭৩৭ জন। এ নিয়ে দেশে মোট তিন লাখ ৪৪ হাজার ৮৬৮ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১৫টি ল্যাবে ১৭ হাজার ১১২টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১৬ হাজার ৯৬৮টি। এ পর্যন্ত দেশে মোট ২৫ লাখ এক হাজার ৮০০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় নতুন ১৩ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ নয়জন ও নারী চারজন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন চার হাজার ৭২৮ জন ও নারী এক হাজার ৪১২ জন। এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন ও ষাটোর্ধ্ব নয়জন রয়েছেন। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে আটজন, চট্টগ্রাম বিভাগে একজন, রাজশাহী বিভাগে একজন, সিলেট বিভাগে একজন ও রংপুর বিভাগে দুজন। সবাই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত