স্টাফ রিপোর্টার: জাতির পিতার সম্মান অটুট রাখার অঙ্গীকারে এবার মাঠে নেমেছেন চট্টগ্রামের বিচারক-পুলিশসহ প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তারা।
ভাস্কর্য অবমাননার প্রতিবাদ জানিয়ে শনিবার (১২ ডিসেম্বর) সকাল থেকে চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন, মৌন মিছিল এবং বিক্ষোভ সমাবেশ করেছেন।
নগরীর দামপাড়া থেকে শুরু হয় দিনভর এ কর্মসূচির। প্রথমে মানববন্ধন করেন বিচারক-পুলিশসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। এরপর তারা মিছিল নিয়ে সমবেত হন শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে।
মুর্হতের মধ্যে পুরো চত্বর লোকে-লোকারণ্য হয়ে উঠে। “জাতির পিতার সম্মান-রাখবো মোরা অম্লান” শ্লোগানে সাজানো মঞ্চে বঙ্গবন্ধুর বীরগাঁথা শোনানোর পাশাপাশি ভাস্কর্য বিরোধীদের প্রতি ঘৃণা প্রকাশ করে একে একে বক্তব্য রাখেন বিচারকসহ সর্বস্তরের কর্মকর্তারা।
প্রথম পর্যায়ে বক্তব্য রাখেন মহানগর দায়রা জজ আশফাকুর রহমান, জেলা ও দায়রা জজ ইসমাইল হোসেন, বিভাগীয় পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক আবু সাঈদ।
চট্টগ্রামের জেলা প্রশাসক ইসমাইল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত এ প্রতিবাদী কর্মসূচীতে বক্তারা যে কোনো মূল্যে জাতির জনকের ভাস্কর্য রক্ষা এবং তার সম্মান অটুট রাখার অঙ্গীকার করেন। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে মৌলবাদী গোষ্ঠীর ষড়যন্ত্র শুরু হওয়ার পর প্রথম প্রতিবাদ শুরু হয়েছিলো চট্টগ্রাম থেকেই। এবার চট্টগ্রামের সর্বস্তরে সরকারি কর্মকর্তারা সেই প্রতিবাদের মিছিলে সামিল হলেন।


