বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে মেয়ের জন্মদিনের অনুষ্ঠান থেকে পটিয়া আওয়ামী লীগ নেতাকে ধরে পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের পটিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও কচুয়াই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইনজামুল হক জসিমকে (৪৯) তার মেয়ের জন্মদিনের অনুষ্ঠান থেকে ধরে পুলিশে সোপর্দ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা।

শনিবার (১২ জুলাই) রাত ১১টার দিকে চট্টগ্রাম বৈষম্যবিরোধী ছাত্র ও এনসিপি নেতাকর্মীরা তাকে নগরের ২নং গেট এলাকায় সুলতান ডাইন রেস্টুরেন্ট থেকে পাঁচলাইশ থানা পুলিশের সহায়তায় আটক করা হয়। ওই রেস্টুরেন্টে তার মেঝ মেয়ে ওয়াফিয়া ইনজামের জম্মদিন পালন করা হচ্ছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।

জানা গেছে, পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ছিলেন এসএম ইনজামুল হক জসিম। গত বছরের ৪ আগস্ট পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে গুলি ও হামলার অভিযোগে তার বিরুদ্ধে পটিয়া থানায় বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সংগঠন তওসিফ ইমরোজ তার ফেসবুক পোস্টে জসিম চেয়ারম্যানকে গ্রেপ্তারের ভিডিও ও ছবি পোস্ট করে লিখেন- ‘যেসব আওয়ামী লীগের দোসররা মনে করে জুলাই হারিয়ে গেছে, তারা মুক্ত বাতাসে ঘুরত পারবে, আমি বলি তারা ঘুমের ঘোরে আছে। আমরা আওয়ামী লীগের প্রশ্নে কোনো ছাড় দেব না।’

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ছাত্রদের সহায়তায় পটিয়া থানার তথ্যের ভিত্তিতে ইনজামুল হক জসিমকে দুই নম্বর গেট এলাকা থেকে শনিবার রাতে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পটিয়া থানায় মামলা আছে। এ কারনে তাকে পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত