রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নরেন্দ্র কারবারি ত্রিপুরা পাড়া এলাকায় ইউপিডিএফ (মূল) সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৯ জুলাই) ভোররাত ৩টা ৩০ মিনিটে বাঘাইহাট জোনের সেনা সদস্যরা এই অভিযান পরিচালনা করে।

আইএসপিআরের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযান চলাকালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সশস্ত্র দলটি গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে। এতে সেনাবাহিনী ও ইউপিডিএফ সদস্যদের মধ্যে কিছুক্ষণ গোলাগুলি হয়। পরে এলাকা তল্লাশি করে বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত অস্ত্র ও সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে—একটি সাবমেশিনগান (এসএমজি), তিনটি দেশীয় তৈরি বন্দুক, একটি এলজি, একটি সাবমেশিনগানের ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি, ১৭টি খালি খোসা, ২৫টি বিভিন্ন লটের এসএমজির খালি খোসা, দুটি কার্তুজ, চারটি ওয়াকিটকি, একটি মটরোলা সেট, চারটি ওয়াকিটকি চার্জার, দুটি ক্যামেরা, একটি স্পাই ক্যামেরা সানগ্লাস, একটি স্পাই ক্যামেরা ডিভাইস চার্জার, তিনটি পেনড্রাইভ, ইউপিডিএফ সংগঠনের চারটি পতাকা, পাঁচটি আর্ম ব্যান্ড এবং ১২টি বিভিন্ন প্রকারের বই।
আইএসপিআর জানায়, পার্বত্য চট্টগ্রামে শান্তি, শৃঙ্খলা ও সকল জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর। ভবিষ্যতেও সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


